জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলাকারীরা বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভাঙচুর করে। পরে গেটে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। তবে দ্রুত আগুন নিভে যাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে মাগুরা শহরের কেশব মোড় এলাকায় সাকিব আল হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য ছিলেন না বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, একদল দুর্বৃত্ত বাড়ির সামনে এসে প্রথমে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়। পরে তারা বাড়ির প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। গেটে সামান্য আগুন জ্বললেও তা দ্রুত নিভে যায়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কে বা কারা পেট্রোল ঢেলে বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে তাৎক্ষণিকভাবে জড়িতদের শনাক্ত করা যায়নি।’
তিনি বলেন, হামলায় পেট্রোল বোমা ব্যবহার করা হয়েছে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ওসি আরও জানান, ঘটনার পর বাড়িটির চারপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
