ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ নতুন উপাচার্য (ভিসি) নিয়োগের প্রজ্ঞাপন বাতিল না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সোমবার (১৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ভিসি নিয়োগ বাতিলের দাবিতে চলমান ব্লকেড কর্মসূচির সময় আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, “গণতান্ত্রিক দাবিকে যেভাবে সংঘাতে রূপ দিয়ে শিক্ষার্থীদের রক্তাক্ত করা হয়েছে, সেই দাবি থেকে আমরা পিছপা হব না। বাইরের ভিসি নিয়োগের প্রজ্ঞাপন অবশ্যই বাতিল করতে হবে। পাশাপাশি ডুয়েটে কর্মরত শিক্ষকদের মধ্য থেকেই ভিসি নিয়োগ দিতে হবে। দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
এ সময় সাধারণ শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো— শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালের ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগ বাতিল, ডুয়েটের নিজস্ব শিক্ষককে ভিসি নিয়োগ এবং রোববারের সংঘর্ষে জড়িতদের বিচার নিশ্চিত করা।
শিক্ষার্থীদের পক্ষে পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমান উল্লাহ ও হাসানুর রহমান বক্তব্য দেন। তারা বলেন, ডুয়েটে আগে থেকেই কর্মরত যোগ্য শিক্ষকদের মধ্য থেকে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ভিসি নিয়োগের দাবি জানানো হয়েছে। এ দাবিকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করার সুযোগ না রাখতেই শিক্ষার্থীরা কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম প্রস্তাব করেননি।
তারা আরও বলেন, সরকার শিক্ষক সমাজের সঙ্গে আলোচনা করে যাকে নিয়োগ দেবে, শিক্ষার্থীরা তাকে মেনে নেবে— যদি তিনি ডুয়েটের নিজস্ব শিক্ষক হন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত এক সপ্তাহ ধরে দল-মত নির্বিশেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে আসছেন। ক্যাম্পাসে অবস্থান কর্মসূচির পাশাপাশি স্বল্প সময়ের জন্য প্রধান ফটকের সামনেও কর্মসূচি পালন করা হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, গত ১৭ মে সকালে আন্দোলন চলাকালে ছাত্রদল ও বহিরাগতরা ক্যাম্পাসের গেইট ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ সময় ভেতরে থাকা শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে অন্তত ১৮ জন শিক্ষার্থী আহত হন, যাদের মধ্যে ১২ জন গুরুতর আহত বলে দাবি করা হয়।
এদিকে, বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া সহিংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ডুয়েট শিক্ষক সমিতি। এক বিবৃতিতে শিক্ষক সমিতি শিক্ষার্থীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং বহিরাগতদের হস্তক্ষেপের নিন্দা জানিয়েছে।
