বাড়িজাতীয়শিল্পায়নের চাপে জলাবদ্ধতা নিজেদের অর্থায়নে ড্রেন নির্মাণে নেমেছেন এলাকাবাসী

শিল্পায়নের চাপে জলাবদ্ধতা নিজেদের অর্থায়নে ড্রেন নির্মাণে নেমেছেন এলাকাবাসী

বর্ষা এলেই সড়ক ডুবে যায়, বসতবাড়িতে ঢুকে পড়ে পানি, দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। বছরের পর বছর এমন ভোগান্তির পর এবার আর সরকারি উদ্যোগের অপেক্ষায় থাকেননি গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়ার নয়নপুর এলাকার বাসিন্দারা। সরকারি উদ্যোগে মাওনা-ধনুয়া আঞ্চলিক সড়কের সংস্কারকাজ চলমান থাকলেও দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে নিজেদের অর্থায়নে প্রায় এক হাজার ফুট ড্রেন নির্মাণের উদ্যোগ নিয়েছেন তারা। এলাকাবাসীর প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে বহু বছরের জলাবদ্ধতার অবসান ঘটবে এবং শিল্পাঞ্চলটির হাজারো মানুষের চলাচল সহজ হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, নয়নপুর হানু মার্কেট থেকে ডেকো গার্মেন্টস পর্যন্ত এলাকায় ডেকো গার্মেন্টস, মেঘনা গ্রুপসহ অন্তত ১০ থেকে ১২টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। কারখানাগুলো উঁচু ভিটায় নির্মিত হওয়ায় বর্ষার পানি নিচু এলাকায় জমে রাস্তা ও বাড়িঘরে ঢুকে পড়ে। দীর্ঘদিন ধরে কোনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কটি জলমগ্ন হয়ে পড়ে। এতে প্রতিদিন কয়েক হাজার শ্রমিক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে।
এ অবস্থায় সরকারি উদ্যোগে চার কিলোমিটার সড়কের সংস্কারকাজ শুরু হলেও এলাকাবাসীর আশঙ্কা, রাস্তার ঢালাই শেষ হয়ে গেলে পরে ড্রেন নির্মাণ করা কঠিন হবে। তাই প্রায় ৪০ থেকে ৪৫টি পরিবার নিজস্ব অর্থ সংগ্রহ করে জনস্বার্থে ড্রেন নির্মাণের কাজ শুরু করেছে।
স্থানীয় বাসিন্দা লিংকন বলেন, দীর্ঘদিনের জলাবদ্ধতায় মানুষের চলাচল প্রায় অচল হয়ে পড়েছিল। এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মসজিদ ও মাদ্রাসা রয়েছে। তাই সবাই মিলে জনস্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শ্রী রবিদাস বলেন, সামান্য বৃষ্টিতেই বাড়িঘরে পানি ঢুকে পড়ে। বহুদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার দাবি জানানো হলেও সমাধান না হওয়ায় এলাকাবাসী নিজেরাই অর্থায়ন করেছেন।
কাজিম উদ্দিন ভূঁইয়া বলেন, এটি কোনো ব্যক্তিগত উদ্যোগ নয়; পুরো এলাকার মানুষের স্বার্থে নেওয়া একটি সামাজিক উদ্যোগ। ড্রেন নির্মাণ শেষ হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা অনেকটাই কমে আসবে।
স্থানীয় বাসিন্দা আসাদ মল্লিক বলেন, অপরিকল্পিত শিল্পায়নের কারণে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ সংকুচিত হয়েছে। তাই সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে এলাকাবাসী নিজেরাই ড্রেন নির্মাণ করছেন। স্থায়ী সমাধানের জন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও শিল্পপ্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ আরিফুল ইসলাম সরকার বলেন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর উদ্যোগে সড়ক সংস্কারের কাজ চলছে। তবে রাস্তার ঢালাই শেষ হলে ড্রেন নির্মাণের সুযোগ থাকবে না। তাই এলাকাবাসীর এই উদ্যোগ সময়োপযোগী ও জনকল্যাণমূলক।
শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ বলেন, এলাকাটি পরিদর্শন করে দেখা গেছে, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত জরুরি। তবে কাজ শুরুর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলে আরও ভালো হতো। এলাকাবাসীকে আবেদন দিতে বলা হয়েছে এবং বিষয়টি নিয়ম অনুযায়ী দেখা হবে।
দক্ষিণ ধনুয়ার নয়নপুরে ড্রেন নির্মাণের এই উদ্যোগ শুধু একটি অবকাঠামো নির্মাণের ঘটনা নয়; এটি দীর্ঘদিনের জনদুর্ভোগ দূর করতে সাধারণ মানুষের সম্মিলিত প্রয়াসেরও প্রতীক। স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে পরিকল্পিত ও স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা গড়ে উঠলে শিল্পাঞ্চলটির জলাবদ্ধতা সমস্যার টেকসই সমাধান হবে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ