স্থানীয় সরকার নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসা-র নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে ঠাকুরগাঁও-এর জনগণের সমর্থনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। ঠাকুরগাঁওয়ে এসে প্রথম একটি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং জেলার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ের জনগণ বরাবরই তাকে সমর্থন দিয়েছে, যার ফলে উন্নয়নমূলক কাজ করার সুযোগ পেয়েছেন। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদারে জনগণের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
