মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুর্বৃত্তদের গুলিতে মনোয়ারা বেগম (৩৫) নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার সংলগ্ন তিতাস গ্যাস কোম্পানির পেছনে এ ঘটনা ঘটে। আহত মনোয়ারা বেগম ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা জয়নাল হাজারীর স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে এমসি বাজার বেপারি পাড়া এলাকায় নজরুল ইসলামের ভাড়া বাসায় বসবাস করতেন। তার স্বামী রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি একটি পরিত্যক্ত কারখানার ভেতরে কৃষিকাজ করতেন।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মনোয়ারার স্বামী জয়নাল হাজারী জানান, ‘নাইস ডেনিম’ নামের একটি পরিত্যক্ত কারখানার ভেতরে তিনি কৃষিকাজ করেন। কারখানাটি বর্তমানে অগ্রণী ব্যাংকের মালিকানাধীন এবং ব্যাংক কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তিনি সেখানে চাষাবাদ করছিলেন। শুক্রবার বিকেলে স্থানীয় শাহাদাৎ, শেখ ফরিদ ও সোহাগসহ কয়েকজন যুবক এসে তাকে সেখানে কৃষিকাজ করতে নিষেধ করেন। তিনি কথা না মানলে শাহাদাৎ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনি দৌড়ে সরে গেলে গুলিটি তার স্ত্রীর পায়ে লাগে।
স্থানীয় বাসিন্দারা জানান, ‘নাইট ডায়িং’ নামের একটি কারখানা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেখানে মাদকসেবীদের আড্ডা বসে। জয়নাল হাজারী কৃষিকাজের সুবাদে সেখানে যাতায়াত করায় মাদকসেবীদের সমস্যা হচ্ছিল। এ কারণে তাকে সেখানে চাষাবাদ না করতে বলা হয়। পরে প্রকাশ্যে গুলি করা হয় বলে অভিযোগ করেন তারা।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিজন মালাকার বলেন, গুলিবিদ্ধ এক নারীকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আলী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
