বাড়িজাতীয়ভূঞাপুরে সরকারি খাসজমি দখল করে রাতারাতি টিনশেড ঘর নির্মাণ, এলাকাবাসীর ক্ষোভ

ভূঞাপুরে সরকারি খাসজমি দখল করে রাতারাতি টিনশেড ঘর নির্মাণ, এলাকাবাসীর ক্ষোভ

ইমরুল হাসান বাবু, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল:

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মাটিকাটা বাজারে সরকারি খাসজমি দখল করে রাতের আঁধারে টিনশেড ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় একটি প্রভাবশালী মহল কোনো ধরনের অনুমোদন ছাড়াই অন্তত ৩০ শ্রমিক নিয়ে দ্রুতগতিতে ওই স্থাপনা তুলে বলে জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, বাজার-সংলগ্ন সরকারি খাসজমিটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চলাচলের রাস্তা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। হাট-বাজারে প্রবেশের জন্য এটি গুরুত্বপূর্ণ পথ হওয়ায় হঠাৎ করে রাতারাতি স্থাপনা নির্মাণে এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাদের অভিযোগ, ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) সাকের আলীর সহযোগিতায় এ দখলবাজি করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, দখলকৃত জায়গাটিতে সিমেন্টের খুঁটির ওপর টিনশেডের কাঠামো দাঁড় করানো হয়েছে। চারপাশে দখলের স্পষ্ট চিহ্ন দেখতে পাওয়া যায়, যা নিয়ে বাজারজুড়ে চলছে সমালোচনার ঝড়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান, ঘর নির্মাণে জড়িতদের পরিবারের একজন ঢাকায় উচ্চপদস্থ চাকরিতে রয়েছেন। তার প্রভাব খাটিয়েই সরকারি নিয়ম-কানুন অমান্য করে এই অবৈধ স্থাপনা নির্মাণ সম্ভব হয়েছে বলে দাবি করেন তারা।

অভিযোগ বিষয়ে নিকরাইল ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো. সাকের আলী বলেন, “আমি ঘটনাস্থলেই আছি। এর আগে ঘর না তুলতে নিষেধ করেছিলাম।” তিনি নিজের বিরুদ্ধে আনা যোগসাজশের অভিযোগ অস্বীকার করেন।

এ বিষয়ে ভূঞাপুর সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন বলেন, “সরকারি জায়গায় ঘর তোলার কোনো সুযোগ নেই। কেউ সরকারি জমি দখল করে স্থাপনা তুললে তা আইন অনুযায়ী উচ্ছেদ করা হবে।”

দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সরকারি জমি দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচলের পথ পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ