বাড়িজাতীয়বর্ষার আগে উদ্বেগ: খালে অবকাঠামো নির্মাণে জলাবদ্ধতার আশঙ্কা

বর্ষার আগে উদ্বেগ: খালে অবকাঠামো নির্মাণে জলাবদ্ধতার আশঙ্কা

যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয় কৃষক ও বাসিন্দাদের মধ্যে। খালের একটি অংশে মাছ চাষের উদ্দেশ্যে অবকাঠামো ও বাঁধ নির্মাণ করায় আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশিংড়ী, শিউরদা ও নুংড়ী ডোমরদা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খালটি দীর্ঘদিন ধরে এলাকার অতিরিক্ত বৃষ্টির পানি নিষ্কাশনের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে সম্প্রতি খালের একটি অংশে মাছ চাষের জন্য বিভিন্ন অবকাঠামো নির্মাণ এবং পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।
কৃষকদের অভিযোগ, খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হলে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হবে না। ফলে শত শত একর ফসলি জমি পানিতে তলিয়ে যেতে পারে। একই সঙ্গে আশপাশের বসতবাড়িতেও জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় কৃষকরা জানান, খালটি এলাকার কৃষি ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর বর্ষাকালে এই খাল দিয়েই জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন হয়। কিন্তু বর্তমানে খালের মধ্যে নির্মিত বাঁধ ও অবকাঠামো পানি চলাচলে বাধা সৃষ্টি করছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বর্ষা মৌসুমে চরম ভোগান্তির মুখে পড়তে হবে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত হলে তা নিরসনে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
স্থানীয়দের প্রত্যাশা, বর্ষা শুরুর আগেই খালের প্রতিবন্ধকতা অপসারণ করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা হলে সম্ভাব্য জলাবদ্ধতা ও কৃষি ক্ষতি থেকে রক্ষা পাবে পুরো এলাকা।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ