পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক, চোরাচালান ও পুশইন ঠেকাতে তৎপর রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতন করতে মাইকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বুধবার (২৭ মে) রাতে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে একই দিন রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারসহ বিভিন্ন সীমান্ত এলাকায় জনসচেতনতামূলক মাইকিং করা হয়। স্থানীয়রা জানান, মাইকিংয়ের মাধ্যমে সীমান্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি পুশইন, অবৈধ অনুপ্রবেশ কিংবা সীমান্ত এলাকায় কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত বিজিবিকে অবহিত করতে বলা হচ্ছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতা নেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে ভারতের অভ্যন্তরের বিভিন্ন সীমান্ত এলাকায় মানুষের অবস্থানকে কেন্দ্র করে বাংলাদেশে অবৈধ পুশইনের আশঙ্কা থাকায় সীমান্তবর্তী মসজিদ ও বাজারগুলোতেও সতর্কতামূলক প্রচারণা চালানো হচ্ছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে বিজিবি কঠোর নিরাপত্তা অবস্থানে রয়েছে। পাশাপাশি জনসচেতনতামূলক মাইকিং কার্যক্রম চালানো হচ্ছে। সীমান্তের নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হচ্ছে।”
তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধ বিজিবির নিয়মিত কার্যক্রমের অংশ। এছাড়া অবৈধ পুশইন, মানবপাচার, মাদক ও পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
