বাড়িঅপরাধদেওয়ানগঞ্জে ভুট্টাক্ষেত থেকে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার, পালাল চোরাকারবারিরা

দেওয়ানগঞ্জে ভুট্টাক্ষেত থেকে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার, পালাল চোরাকারবারিরা

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) ভোর রাতে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরেরচর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি আভিযানিক দল জানতে পারে সীমান্তঘেঁষা পাথরেরচর এলাকার একটি ভুট্টাক্ষেতে বিপুল পরিমাণ ভারতীয় মাদক মজুত রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারত থেকে আনা মদের চালান ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ভুট্টাক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবুল খায়ের বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ভারতীয় মদ জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বহনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।”
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানিয়েছে পুলিশ।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ