শাহ আলম,টাঙ্গাইল :
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) ভোরে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৬টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের হামিদপুর এলাকায় গোপালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই বাসের হেলপার মজনু মিয়া (৪৩) নিহত হন। তিনি গোপালপুর উপজেলার পাকুয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। একই দুর্ঘটনায় বাসের সুপারভাইজার আতিকুল ইসলাম (৪০) গুরুতর আহত হলে পরে তার মৃত্যু হয়। তিনি মনতলা গ্রামের লাল মামুদের ছেলে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহত ও নিহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
এদিকে দুর্ঘটনার কারণে সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করা হয়।
উদ্ধার কাজে অংশ নিতে গিয়ে স্থানীয় এক যুবক বিদ্যুৎ আহত হন। তিনি মাথায় আঘাত পান এবং প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
