আসন্ন শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সাধারণ সম্পাদক রানা আহমেদ আকন্দ বলেছেন, জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি নিজেকে শতভাগ জনজবাবদিহিতার আওতায় রাখবেন বলেও অঙ্গীকার করেন তিনি।
রানা আহমেদ আকন্দ বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শ্রীপুর উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করতে চান তিনি। নির্বাচিত হলে প্রথম ১০০ দিনের কর্মপরিকল্পনার মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, সড়ক অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং জনসেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ও তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে ছিলেন। ভবিষ্যতেও দল-মতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার সুযোগ চান। জনগণের আস্থা ও সমর্থন পেলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব উপজেলা পরিষদ গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান তিনি।
