বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়গাজীপুরে আওয়ামী লীগ কার্যালয়ে হঠাৎ অগ্নিকাণ্ড

গাজীপুরে আওয়ামী লীগ কার্যালয়ে হঠাৎ অগ্নিকাণ্ড

গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটার দিকে কার্যালয়ের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে হঠাৎ কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়।

স্থানীয়রা ধোঁয়া দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় কার্যালয়ে আগুন লাগার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে ভবনের দোতলায় ধোঁয়া ও আগুন দেখা যায়। পাশের সিঙ্গার বাংলাদেশ শোরুমের ম্যানেজার দ্রুত এগিয়ে এসে তাদের অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভাতে সক্ষম হন। পরে আগুনলাগা কক্ষে গিয়ে দেখা যায়, ভেতরে থাকা আবর্জনা ও কাগজপত্র পুড়ে গেছে।
সিঙ্গার শোরুমের ম্যানেজার মো. মিজানুর রহমান বলেন, “আমরা প্রথমে ভেবেছিলাম আমাদের গোডাউনে আগুন লেগেছে। পরে গিয়ে দেখি পাশের আওয়ামী লীগ কার্যালয়ের দোতলায় আগুন জ্বলছে। তাৎক্ষণিকভাবে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনি।” তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শ্রীপুর স্টেশন অফিসার খাইরুল ইসলাম জানান, তারা আনুষ্ঠানিকভাবে আগুন লাগার কোনো খবর পাননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।
আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে, তবে এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ