দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে খুব শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানিয়ে বলেন, সংবিধান ও রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্বাচন সম্পন্ন করা হবে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। যেহেতু মো. সাহাবুদ্দিন ২৪ জুলাই পদত্যাগ করেছেন, তাই নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিজেই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
তিনি জানান, বিদ্যমান সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩৫০ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। তাদের নিয়ে ভোটার তালিকা প্রস্তুতের পর তফসিল ঘোষণা করা হবে। সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতোই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। একাধিক প্রার্থী থাকলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, আর একজন প্রার্থী থাকলে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় নির্বাচন কমিশনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামী রোববার অথবা তার পরবর্তী সময়ে কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছেন আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, “খুব দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।”
এর আগে তিনি জানান, নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রপতি পদে প্রার্থীর যোগ্যতা প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, একজন রাষ্ট্রপতি প্রার্থীকে সংসদ সদস্য হওয়ার জন্য প্রয়োজনীয় সব যোগ্যতা অর্জন করতে হবে এবং অযোগ্যতার কোনো কারণ থাকা যাবে না। এ ছাড়া রাষ্ট্রপতি পদে প্রার্থীর ন্যূনতম বয়স ৩৫ বছর হতে হবে।
উল্লেখ্য, শুক্রবার বিকেল ৪টার দিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। তাঁর পদত্যাগের মধ্য দিয়ে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হচ্ছে।
