রাষ্ট্রপতির অনুমতিক্রমে আগামী ১২ মার্চ জাতীয় সংসদের অধিবেশন শুরু করার পরিকল্পনা করছে সরকার। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর বাংলাদেশ সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নতুন অধিবেশনের প্রথম দিনেই জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা বিভিন্ন অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে এবং সেগুলোর অনুমোদনের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া গ্রহণ করা হবে। সরকারের আইনগত কার্যক্রমকে নিয়মতান্ত্রিক ও কার্যকর করতে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও গতিশীল রাখতে প্রশাসনে কিছু রদবদলের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
আসন্ন অধিবেশনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু আইন ও প্রশাসনিক সিদ্ধান্ত এ অধিবেশনে আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
