বাড়িরাজধানীসাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১২ জুলাই) ভোররাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোররাতে তিনি মারা যান।
১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার। দেশের রাজনীতি ও সংসদীয় গণতন্ত্রে তিনি ছিলেন একজন অভিজ্ঞ ও প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি দুই দফায় জাতীয় সংসদের স্পিকার এবং দুইবার বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। দল প্রতিষ্ঠার পর থেকেই তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
শিক্ষা বিস্তারেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। ১৯৯০ সালে নিজ জেলা পঞ্চগড়ে তিনি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন।
সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নির্বাচনী এলাকা পঞ্চগড়-১ আসন থেকে তাঁর ছেলে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির সংসদ সদস্য নির্বাচিত হন।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, সংসদীয় গণতন্ত্রে অবদান এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনের স্মৃতি দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

 

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ