বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিক্ষা ও দক্ষ মানবসম্পদই একটি দেশের উন্নয়নের মূল চাবিকাঠি। কোনো জাতি এমনিতেই উন্নত হতে পারে না। শিক্ষা, কঠোর পরিশ্রম ও দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমেই একটি দেশ উন্নতির শিখরে পৌঁছাতে সক্ষম হয়।
শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগের আয়োজনে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, চীন আজ বিশ্বের অন্যতম উন্নত দেশে পরিণত হয়েছে তাদের শিক্ষা, কর্মদক্ষতা ও আত্মনির্ভর প্রচেষ্টার মাধ্যমে। সেই অভিজ্ঞতা থেকে বাংলাদেশেরও শিক্ষা নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রীও শিশুদের উন্নয়নে কাজ করতে চান। শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা উপকরণ, পোশাক এবং বিভিন্ন সহায়তা কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি ভবিষ্যতের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য শিশু-কিশোরদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে।
বিএনপি মহাসচিব আরও বলেন, দেশের শিশুদের সঠিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। শিক্ষক, অভিভাবক এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক দীর্ঘদিনের। চীন বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন খাতে সহযোগিতা করে আসছে। বিশেষ করে ঠাকুরগাঁওয়ের কৃষি ও শিল্প খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে চীন সহযোগিতা করবে। চলতি বছরেই শিল্প ও কলকারখানা স্থাপনের সম্ভাবনা যাচাইয়ে চীনের একটি প্রতিনিধি দল ঠাকুরগাঁও সফর করবে।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত এইচ. ই. ইয়াও ওয়েন। তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের শিক্ষার উন্নয়নে সহযোগিতা করতে পেরে চীন সরকার আনন্দিত। শিক্ষা উপকরণ বিতরণের এ উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে।
চীনের রাষ্ট্রদূত জানান, প্রতিবছরই বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি ঠাকুরগাঁওয়ের কৃষি, শিল্প ও বিনিয়োগ সম্ভাবনা মূল্যায়নে আগামী জুলাই-আগস্ট মাসে চীন থেকে একটি প্রতিনিধি দল সফরে আসবে।
তিনি আরও বলেন, আগামী বছরের মধ্যে পর্যায়ক্রমে ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের জন্য চীন সফরের সুযোগ সৃষ্টি করা হবে। এর মাধ্যমে দুই দেশের তরুণ প্রজন্মের মধ্যে বন্ধুত্ব, সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় হবে।
‘তরুণ মেধার বিকাশ, উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পায়গাম আলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
