সোমবার, এপ্রিল ৬, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়রাজেন্দ্রপুরে ডাকাত আতঙ্ক: প্রাণে বাঁচলেন সাংবাদিক মোতাহার খান

রাজেন্দ্রপুরে ডাকাত আতঙ্ক: প্রাণে বাঁচলেন সাংবাদিক মোতাহার খান

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল জাতীয় উদ্যানসংলগ্ন মহাসড়কে ফের সক্রিয় দুর্বৃত্তরা।গুলি ও ফাঁদ পেরিয়ে ডাকাতদের কবল থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাংবাদিক মোতাহার মোতাহার হোসেন খান।তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টেলিভিশন (জিটিভি)-এর শ্রীপুর প্রতিনিধি এবং গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

রোববার (৫ এপ্রিল) রাত ১০টা ৫০ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় বাড়ি ফেরার পথে এ ঘটনার শিকার হন তিনি। পরে বুদ্ধিমত্তা ও কৌশল অবলম্বন করে নিরাপদে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে মোতাহার খান লিখেছেন, “রাজেন্দ্রপুর ডাকাতের কবলে পড়লাম রাত ১০:৫০ মিনিটে। জানে বেঁচে গেছি বুদ্ধির জোরে আর আল্লাহর রহমতে।”
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, রাতে ঢাকা থেকে ফেরার পথে ভাওয়াল জাতীয় উদ্যান সংলগ্ন শালবনঘেরা এলাকায় প্রবেশ করতেই হঠাৎ বিকট শব্দে তার গাড়ির চাকা পাংচার হয়ে যায়। তার দাবি, দুর্বৃত্তরা ধারালো কোনো বস্তু দিয়ে আঘাত করে চাকা নষ্ট করে দেয়। সামনে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে তিনি দ্রুত গাড়ির গতি বাড়িয়ে এলাকা ত্যাগের চেষ্টা করেন।
তিনি আরও জানান, ঘটনাস্থল পার হওয়ার সময় গুলির মতো শব্দ শোনা যায় এবং গাড়ির চাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে কোনোভাবে গাড়ি নিয়ন্ত্রণে রেখে কাছাকাছি একটি রেস্টুরেন্টে গিয়ে থামেন। স্থানীয়দের সহায়তায় বিকল্প চাকা লাগিয়ে তিনি নিরাপদে বাড়ি ফিরতে সক্ষম হন।
মোতাহার খান অভিযোগ করেন, এর আগেও একই এলাকায় তিনি ডাকাতদের হামলার শিকার হয়েছিলেন। সে সময় মুখোশধারী দুর্বৃত্তরা তার গাড়ির গ্লাস ভেঙে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।
এদিকে স্থানীয়দের অভিযোগ, ভাওয়াল জাতীয় উদ্যান সংলগ্ন মহাসড়কের নির্দিষ্ট অংশে প্রায়ই গাড়ি ও মোটরসাইকেল লক্ষ্য করে রড, শাবল, পাথর কিংবা ডিম নিক্ষেপ করে ডাকাতরা। অনেক সময় ভয় দেখিয়ে হামলা চালানো হয়।
স্থানীয়দের ভাষ্য, মাঝেমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল দেখা গেলেও সম্প্রতি আবারও অপরাধীদের তৎপরতা বেড়েছে। বিশেষ করে রাত ১০টার পর থেকে ভোর পর্যন্ত সময়কে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করছেন পথচারী ও চালকরা।
ভুক্তভোগী ও স্থানীয়রা সড়কটিতে নিয়মিত টহল জোরদার, জঙ্গলসংলগ্ন এলাকায় পর্যাপ্ত সড়কবাতি স্থাপন এবং স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের জরুরি দৃষ্টি কামনা করা হয়েছে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ