বাগেরহাট সদর উপজেলার ঐতিহাসিক খান জাহান আলী (র.) মাজার-সংলগ্ন দিঘিতে কুমিরের হামলায় নিখোঁজ হওয়া ফাতেমা আক্তার (৭) নামে এক শিশুর মরদেহ আট ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) ভোর ৪টা ৪০ মিনিটে দিঘি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মামুনুর রশিদ।
তিনি জানান, সোমবার রাত প্রায় ৮টার দিকে মাজার-সংলগ্ন দিঘির ঘাট এলাকায় শিশুটি কুমিরের হামলার শিকার হয়ে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।
রাতভর অনুসন্ধান চালানোর পর মঙ্গলবার ভোরে দিঘির পানিতে শিশুটির মরদেহ শনাক্ত করে উদ্ধার করা হয়। পরে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, ঐতিহাসিক এই দিঘিতে দীর্ঘদিন ধরে কয়েকটি কুমির রয়েছে, যা দর্শনার্থীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে দিঘির পাড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
