বাড়িজাতীয়মশক নিধন শিখতে যুক্তরাষ্ট্র সফর প্রস্তাব নাকচ, ফাইলে তারেক রহমানের মন্তব্য নিয়ে...

মশক নিধন শিখতে যুক্তরাষ্ট্র সফর প্রস্তাব নাকচ, ফাইলে তারেক রহমানের মন্তব্য নিয়ে আলোচনা

মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ও পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি নাকচ করে দিয়েছেন বলে দাবি করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

সোমবার (১ জুন) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে জুলকারনাইন সায়ের লিখেছেন, সম্প্রতি মশক নিধনের আধুনিক ও উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরসংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছিল। তবে প্রস্তাবটি পর্যালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান তা সরাসরি নাকচ করে দেন।
জুলকারনাইনের দাবি অনুযায়ী, ফাইলে তারেক রহমান মন্তব্য করেন, “মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।”
প্রধানমন্ত্রীর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে সরকারি ব্যয় সাশ্রয় এবং বাস্তবমুখী প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন। অন্যদিকে কেউ কেউ মশক নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরছেন।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশন বা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, বর্ষা মৌসুমকে সামনে রেখে দেশের বিভিন্ন শহরে মশাবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু নিয়ন্ত্রণে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো। এ প্রেক্ষাপটে চসিকের প্রস্তাবিত বিদেশ সফর এবং তা নাকচ হওয়ার খবর জনমনে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ