রাজধানীর মতিঝিলে প্রকাশ্যে গুলি করে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ১৭ হাজার ডলার ও বিভিন্ন দেশের মুদ্রা ভর্তি একটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৭ জুন) বিকেল আনুমানিক ৩টা ১০ মিনিটে মতিঝিলে জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম লোকমান হোসেন (৪৫)। প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত লোকমানকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় লোকমান হোসেনের হাত ও পায়ে দুটি গুলি লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে গুলির দুটি খোসা উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাই হওয়া ব্যাগে ১৭ হাজার মার্কিন ডলারের পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা ছিল।
মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ জানান, ভুক্তভোগীর তথ্য অনুযায়ী ব্যাগে বিভিন্ন দেশের মুদ্রাসহ ১৭ হাজার ডলার ছিল। তবে লোকমান বড় কোনো ব্যবসায়ী নন; তিনি বিভিন্ন স্থানে খুচরা পর্যায়ে মানি এক্সচেঞ্জের ব্যবসা করতেন।
ঘটনার পরপরই পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
