বাড়িজাতীয়বাঘ-সিংহ দেখতে গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

বাঘ-সিংহ দেখতে গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে গাজীপুর সাফারি পার্কে নেমেছে দর্শনার্থীদের ঢল। ঈদের তৃতীয় দিন শনিবার (৩০ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত পার্কজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। পরিবার-পরিজন নিয়ে হাজারো মানুষ ভিড় করেন বন্যপ্রাণী ও প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে। বিশেষ করে কোর সাফারি এলাকায় নারী ও শিশুদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের ছুটিকে কেন্দ্র করে এবার বিপুল দর্শনার্থীর সমাগম ঘটেছে। শনিবার শুধু প্রবেশ টিকিট বিক্রি করেই আয় হয়েছে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা। আর ঈদের প্রথম তিন দিনে ৫০ টাকা মূল্যের টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ৭ লাখ ২৫ হাজার টাকা।
শনিবার দুপুরে পার্ক ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন জেলা থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে পুরো এলাকা। দুপুর বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। দর্শনার্থীদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে বন বিভাগ ও ট্যুরিস্ট পুলিশ।
সবুজ প্রকৃতি আর বন্যপ্রাণীর সমারোহের কারণে সাফারি পার্ক বরাবরই ভ্রমণপিপাসু মানুষের অন্যতম পছন্দের গন্তব্য। দর্শনার্থীদের সবচেয়ে বেশি আকর্ষণ করছে কোর সাফারি। শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ বাসে ঘুরে দেখা যায় উন্মুক্ত পরিবেশে বিচরণরত রয়েল বেঙ্গল টাইগার, আফ্রিকান সিংহ, ভাল্লুক, জিরাফ, জেব্রা, ওয়াইল্ডবিস্ট, গয়াল ও বিভিন্ন প্রজাতির হরিণ। পথে চোখে পড়ে বন্য বানরের দলও।
এ ছাড়া সাফারি কিংডমে রয়েছে ম্যাকাওসহ নানা প্রজাতির দেশি-বিদেশি পাখি, প্রজাপতি পার্ক, ফিশ অ্যাকুয়ারিয়াম, ময়ূর অ্যাভিয়ারি, হাতি, ইমু, বিরল প্রজাতির শকুন, পেঁচা, জলহস্তী, কুমির ও বিভিন্ন সরীসৃপ। দর্শনার্থীদের জন্য রয়েছে ঝুলন্ত সেতু ও প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রও।
পোশাকশ্রমিক আতিক স্ত্রীকে নিয়ে পার্কে ঘুরতে এসে বলেন, “ঈদে বাড়ি যাওয়া হয়নি। তাই সময়টা উপভোগ করতে সাফারি পার্কে এসেছি। খুব কাছ থেকে বাঘ, সিংহ ও ভাল্লুক দেখার অভিজ্ঞতা সত্যিই রোমাঞ্চকর।”
সিডস্টোর এলাকা থেকে আসা কলেজছাত্রী মারিয়া বলেন, “সাফারি পার্কে এলে প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে ইচ্ছা করে। এখানে অনেক বিরল প্রাণী একসঙ্গে দেখা যায়, যা অন্য কোথাও সহজে পাওয়া যায় না।”
স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক বলেন, “ঈদসহ বিভিন্ন ছুটিতে এখানে হাজার হাজার মানুষের সমাগম হয়। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্যও চাঙ্গা হয়ে ওঠে। এবারও দর্শনার্থীদের উপস্থিতি আশাব্যঞ্জক।”
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান বলেন, “প্রতিবছরের মতো এবারও ঈদে দর্শনার্থীদের ব্যাপক চাপ রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় দিনেই উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা গেছে। দর্শনার্থীদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে আমরা প্রস্তুত রয়েছি। ঈদের ছুটির পুরো সময় পার্ক খোলা থাকবে।”
ঈদের আনন্দের সঙ্গে প্রকৃতি ও বন্যপ্রাণীর প্রতি মানুষের আগ্রহের মিলনে গাজীপুর সাফারি পার্ক এখন পরিণত হয়েছে অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্রে। ছুটির বাকি দিনগুলোতেও দর্শনার্থীদের একই রকম ভিড় থাকবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ