বাড়িঅপরাধদুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর শিগগিরই দেশে ফেরানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর শিগগিরই দেশে ফেরানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করে শিগগিরই তাকে দেশে ফিরিয়ে আনা হবে।

রোববার (১৪ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ইন্টারপোলের সঙ্গে নিবিড়ভাবে কাজ শুরু করে। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ১১ এপ্রিল ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে।
তিনি জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অব ফেডারেল পুলিশ (এনসিবি আবুধাবি) ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে নিশ্চিত করেছে যে, বেনজীর আহমেদকে দেশটির পুলিশ গ্রেপ্তার করেছে এবং বর্তমানে তিনি সেখানে আটক রয়েছেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ইউএইর ফেডারেল আইন-৩৯ (২০০৬) অনুযায়ী গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) আবেদন পাঠাতে হবে। এ লক্ষ্যে এনসিবি ঢাকা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুতের কাজ করছে।
তিনি আরও বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন এবং বাংলাদেশ পাসপোর্ট অর্ডারের বিভিন্ন ধারায় মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতেই তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
‘আইনের শাসনের মাইলফলক’
স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর আহমেদের গ্রেপ্তারকে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারছি। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নন—এই বার্তাই জাতির কাছে পৌঁছে দিতে চাই।”
সংসদে ব্যাপক সাড়া
বিবৃতি উপস্থাপনের সময় সরকারি ও বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে প্রতিক্রিয়া জানান। বিষয়টি নিয়ে সংসদ কক্ষে ব্যাপক সাড়া পড়ে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর পুরো অধিবেশন কক্ষে উচ্ছ্বাসময় পরিবেশ সৃষ্টি হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও এ ঘটনায় সন্তোষ প্রকাশ করেন।

 

 

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ