বাড়িআবহাওয়াদুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

রাজধানী ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে তাপমাত্রা কিছুটা কমে গরমের তীব্রতা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়, এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা দমকা হাওয়ার আকারে অস্থায়ীভাবে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল প্রায় ৮০ শতাংশ। বুধবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।এদিকে, আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।পূর্বাভাসে আরও বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। বিশেষ করে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় চলমান তাপপ্রবাহ কমে আসার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৬ মিনিটে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ