সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়তেল সংকটে মোটরসাইকেল ছেড়ে বাইসাইকেলে ঝুঁকলেন ব্যবসায়ী জহিরুল

তেল সংকটে মোটরসাইকেল ছেড়ে বাইসাইকেলে ঝুঁকলেন ব্যবসায়ী জহিরুল

দেশে দীর্ঘদিন ধরে চলমান জ্বালানি তেলের সংকটে যখন ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, তখন ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে আলোচনায় এসেছেন গাজীপুর সদর উপজেলার এক ক্ষুদ্র ব্যবসায়ী জহিরুল ইসলাম।

তিনি উপজেলার মিজাপুর ইউনিয়নের তালতলী গ্রামের বাসিন্দা। পেশায় ছোট ব্যবসায়ী জহিরুল এতদিন মোটরসাইকেল ব্যবহার করতেন ব্যবসা ও পারিবারিক কাজে। তবে কয়েক মাস ধরে তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও নিশ্চয়তা না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন তিনি।
জহিরুল ইসলাম বলেন, “প্রতিদিন ৮-১০ ঘণ্টা সময় নষ্ট করে তেল সংগ্রহ করা একজন ব্যবসায়ীর জন্য সম্ভব না। তাই সিদ্ধান্ত নিই নিজের উপর নির্ভরশীল হওয়ার। এরপর একটি বাইসাইকেল কিনে ফেলি।”
তিনি জানান, উপজেলার ব্যবসায়ীক প্রাণকেন্দ্র মাওনা চৌরাস্তার মাওনা-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের সাদিয়া সাইকেল হাউজ থেকে আকিজ কোম্পানির ২৬ ইঞ্চি একটি বাইসাইকেল কিনেছেন তিনি। যার বাজারমূল্য ১১ হাজার ৫০০ টাকা হলেও কিছুটা কম দামে পেয়েছেন।
বর্তমানে বাইসাইকেল ব্যবহার করে তিনি ব্যবসা ও পারিবারিক কাজ চালিয়ে যাচ্ছেন। এতে সময় কিছুটা বেশি লাগলেও খরচ কমেছে, বাড়ছে শারীরিক সুস্থতাও।
জহিরুল আরও বলেন, “মোটরসাইকেলে এখনো ২-৩ লিটার তেল আছে, কিন্তু ব্যবহার করছি না। সাইকেলে চলতে স্বাচ্ছন্দ্য লাগছে। সবচেয়ে ভালো লাগে—মানুষ উৎসাহ দিচ্ছে, অনেকে আগ্রহ নিয়ে কথা বলছে।”
এদিকে শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক ও রিভার অ্যান্ড নেচার ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, “আপদকালীন পরিস্থিতিতে তেলবিহীন যানবাহনের ব্যবহার বাড়ানো অত্যন্ত ইতিবাচক উদ্যোগ। এতে যেমন ব্যক্তিগত খরচ কমে, তেমনি পরিবেশও সুরক্ষিত থাকে।”
জ্বালানি সংকটের এই সময়ে জহিরুল ইসলামের মতো এমন উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ