তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, রোপণ করলেন স্বর্ণচাঁপা চারা ও উন্মোচন করলেন স্মারক ডাকটিকিট
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো রাজধানীর ঢাকা তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়-এ অফিস করেছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে উপস্থিত হন। এ সময় মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি কার্যালয়ের অনেক পুরনো কর্মকর্তা ও কর্মচারীকে নাম ধরে ডেকে কথা বলেন। প্রধানমন্ত্রীর আন্তরিকতায় উপস্থিতদের মধ্যে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় এবং তারা কিছুক্ষণের জন্য ভুলে যান যে তিনি দেশের প্রধানমন্ত্রী।
পরে প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। এ সময় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.)-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।
