ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি-ডে ২০২৬’ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তিনি ঢাকা মেডিকেল কলেজে দুটি আধুনিক ছাত্রী হোস্টেল নির্মাণ প্রকল্পের উপস্থাপনা পর্যালোচনা করেন, স্মারক বৃক্ষরোপণ করেন এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে চিকিৎসকদের ভূমিকার ওপর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।
ঢাকা মেডিকেল কলেজের শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ‘ডিএমসি-ডে ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে ১০টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ১৯টি হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজে দুটি নতুন ছাত্রী হোস্টেল নির্মাণের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। তিনি প্রকল্পটির বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত অবহিত হন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরে ক্যাম্পাসে একটি স্মারক বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় অংশ নিয়ে তিনি দেশের স্বাস্থ্যসেবার উন্নয়ন, চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসক ও শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
ডিএমসি-ডে ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
