ভোক্তা পর্যায়ে জুন মাসের জন্য পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়িয়েছে সরকার। নতুন এ মূল্য সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
রোববার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি-হ্রাসের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর ফলে মে মাসের তুলনায় অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বেড়েছে। তবে ডিজেলের দাম আগের মতোই ১১৫ টাকা বহাল রয়েছে।
এর আগে গত ৩০ এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপনে মে মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
সরকারের চলমান মূল্য সমন্বয় নীতির আওতায় প্রতি মাসে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করা হয়ে থাকে। এর ধারাবাহিকতায় জুন মাসের জন্য নতুন মূল্য ঘোষণা করা হয়েছে।
এর আগে গত ১৮ এপ্রিলও সব ধরনের জ্বালানি তেলের দাম সমন্বয় করেছিল সরকার।
