দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিটের দিকে এই ভূমিকম্পের কম্পন টের পান দেশের বিভিন্ন এলাকার মানুষ।
ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের করিমগঞ্জ সীমান্তবর্তী ভারতের শিলচর এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫।
ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া জানান নেটিজেনরা। সিলেট, ময়মনসিংহ এবং রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত রবিবার (৭ জুন) রাত ১১টা ৩৭ মিনিটের দিকে ৫ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভুটান।
চার দিনের ব্যবধানে আবারও ভূমিকম্প অনুভূত হওয়ায় অনেকের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
