বাড়িজাতীয়গাজীপুরে মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, শুরু হয়েছে ঈদযাত্রা

গাজীপুরে মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, শুরু হয়েছে ঈদযাত্রা

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে ঘরমুখী মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের চাপ বাড়তে দেখা গেছে। ভিড় ও বিড়ম্বনা এড়াতে ছুটি শুরুর আগেই অনেকে বাড়ির পথে রওনা হওয়ায় কয়েকটি স্থানে গাড়ির গতি ধীর হয়ে পড়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সরেজমিনে দেখা যায়,সকাল  থেকেই ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে রওনা হচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। যানবাহনের চাপ বাড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, কলেজ গেট, গাজীপুরা ও চান্দনা চৌরাস্তায় গাড়ির ধীরগতি লক্ষ করা গেছে।
বিশেষ করে চান্দনা চৌরাস্তায় সড়কের পাশে গাড়ি পার্কিং করে যাত্রী ওঠানামা করায় যান চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তবে মহাসড়কের অন্যান্য অংশে যানবাহন তুলনামূলক স্বাভাবিক গতিতেই চলাচল করছে। অন্যদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় ও আশপাশের এলাকায় যানবাহনের সংখ্যা বেড়েছে। তবুও এই অংশে যানবাহন অনেকটাই স্বাভাবিক গতিতে চলাচল করছে। বড় ধরনের ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। তবে পোশাক কারখানাগুলোতে ছুটি ঘোষণা হলে মহাসড়কে যানবাহন ও মানুষের চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন যাত্রী, চালক ও স্থানীয়রা।
এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর তরিকুল ইসলাম বলেন, “ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে। যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুলসংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। আশা করছি, ঈদযাত্রায় যাত্রীদের তেমন ভোগান্তি হবে না।”

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ