বাড়িরাজধানীগাকৃবিতে প্রথমবার জাপানি ভাষা শিক্ষা কোর্সের যাত্রা, আন্তর্জাতিক সুযোগ তৈরির প্রত্যাশা

গাকৃবিতে প্রথমবার জাপানি ভাষা শিক্ষা কোর্সের যাত্রা, আন্তর্জাতিক সুযোগ তৈরির প্রত্যাশা

শিক্ষার্থীদের আন্তর্জাতিক যোগাযোগ দক্ষতা, উচ্চশিক্ষা ও বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ বাড়াতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রথমবারের মতো তিন মাসব্যাপী জাপানি ভাষা শিক্ষা কোর্স চালু হয়েছে। বেসিক ও জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট (জেএলপিটি) প্রস্তুতিমূলক এই কোর্স শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট ক্লাব (জিএইউ-এলপিডিসি)-এর উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে কোর্সটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ রায়হানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। কোর্সের প্রশিক্ষক অধ্যাপক ড. মো. আমজাদ হোসেনও অনুষ্ঠানে বক্তব্য দেন।
উদ্বোধনী ব্যাচে নিবন্ধিত ৩৫ জন শিক্ষার্থী অংশ নেন। স্বাগত বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ রায়হান বলেন, আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষার্থীদের সক্ষমতা বাড়াতে ভাষা শিক্ষার বিকল্প নেই।
কোর্সের পাঠক্রম, মূল্যায়ন পদ্ধতি ও সম্ভাবনা তুলে ধরে অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন বলেন, জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক বৃত্তি এবং জাপানে কর্মসংস্থানের নতুন সুযোগ কাজে লাগাতে পারবেন।
জিএইউ-এলপিডিসির সহ-সভাপতি সাজ্জাতুল ইসলাম শাওন ক্লাবের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে ভবিষ্যতে আন্তর্জাতিক ভাষা শিক্ষা, সফট স্কিল উন্নয়ন ও ব্যক্তিত্ব বিকাশমূলক আরও কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনার কথা জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ বর্তমান বিশ্বে ভাষাগত দক্ষতার গুরুত্ব তুলে ধরেন।
কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “বর্তমান বিশ্বে শুধু একাডেমিক সাফল্য যথেষ্ট নয়; আন্তর্জাতিক ভাষাজ্ঞান, আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গিও সমান গুরুত্বপূর্ণ। জাপানি ভাষা শিক্ষা শিক্ষার্থীদের জন্য নতুন জ্ঞান, গবেষণা, প্রযুক্তি, উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের অসংখ্য সুযোগ সৃষ্টি করবে। এই উদ্যোগ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে আরও আন্তর্জাতিকমুখী করে তুলবে এবং শিক্ষার্থীরা বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হবে।”
শেষে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে গ্রুপ ফটোসেশনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ