বাড়িক্যাম্পাসএসএসসি ২০২৬: ব্যবহারিক খাতা, মৌখিক ও পরীক্ষণে নম্বর বণ্টনের নির্দেশনা প্রকাশ

এসএসসি ২০২৬: ব্যবহারিক খাতা, মৌখিক ও পরীক্ষণে নম্বর বণ্টনের নির্দেশনা প্রকাশ

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ব্যবহারিক বিষয়ে পরীক্ষকদের জন্য বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শনিবার (২৩ মে) প্রকাশিত নির্দেশনায় আটটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষার পদ্ধতি, নম্বর বণ্টন ও পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, উচ্চতর গণিত, কৃষিশিক্ষা, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, চারু ও কারুকলা, সংগীত এবং গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ে আলাদা আলাদাভাবে এ নির্দেশনা দেওয়া হয়েছে। অধিকাংশ বিষয়ের ব্যবহারিক পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘণ্টা এবং পূর্ণমান রাখা হয়েছে ২৫ নম্বর।
নির্দেশনা অনুযায়ী, উচ্চতর গণিত (বিষয় কোড: ১২৬) পরীক্ষায় পরীক্ষার্থীদের দুটি পরীক্ষণ সম্পন্ন করতে হবে। এতে পরিকল্পনা প্রণয়নে ২ নম্বর, সঠিক প্রক্রিয়া অনুসরণে ৩, লেখচিত্র ও উপাত্ত বিশ্লেষণে ৩, ব্যাখ্যাসহ ফলাফল উপস্থাপনে ২ এবং মৌখিক অভীক্ষায় ৫ নম্বর বরাদ্দ রাখা হয়েছে।
কৃষিশিক্ষা (বিষয় কোড: ১৩৪) বিষয়ে লটারির মাধ্যমে নির্ধারিত একটি পরীক্ষণ শিক্ষার্থীদের মধ্যে বণ্টন করা হবে। মাটির প্রকৃতি বিশ্লেষণ, ধান বীজ সংরক্ষণ, মাছের সম্পূরক খাদ্য তৈরি ও গোল কাঠের ভলিউম নির্ণয়সহ মোট ১০টি পরীক্ষণের মধ্য থেকে একটি নির্বাচন করা হবে। এতে পরীক্ষণের জন্য ১৫, ব্যবহারিক খাতায় ৫ এবং মৌখিক অভীক্ষায় ৫ নম্বর নির্ধারণ করা হয়েছে।
পদার্থবিজ্ঞান (বিষয় কোড: ১৩৬) ও রসায়ন (বিষয় কোড: ১৩৭) বিষয়ে লটারির মাধ্যমে একটি পরীক্ষণ নির্বাচন করে পরীক্ষা নেওয়া হবে। পদার্থবিজ্ঞানে তত্ত্ব, ডাটা ও ছক, হিসাব এবং সতর্কতার ওপর নম্বর বণ্টন করা হয়েছে। এছাড়া মৌখিক ও ব্যবহারিক খাতার জন্যও পৃথক নম্বর রাখা হয়েছে।
রসায়নে কাজের ধারা ও সঠিক প্রক্রিয়ায় ৫, ফলাফলে ৫ এবং মৌখিকে ৫ নম্বরসহ মোট ২৫ নম্বরের মূল্যায়ন করা হবে। তবে এ বিষয়ে ব্যবহারিক খাতা জমা দেওয়া বাধ্যতামূলক হলেও আলাদা নম্বর থাকবে না।
জীববিজ্ঞান (বিষয় কোড: ১৩৮) পরীক্ষায় পরীক্ষণের নাম, যন্ত্রপাতি, কার্যপদ্ধতি, চিত্র অঙ্কন, চিহ্নিতকরণ ও সতর্কতার ওপর ১৫ নম্বর বরাদ্দ রয়েছে। এছাড়া ফলাফলের ব্যাখ্যায় ৪, মৌখিকে ৪ এবং ব্যবহারিক খাতায় ২ নম্বর রাখা হয়েছে।
চারু ও কারুকলা (বিষয় কোড: ১৪৮) বিষয়ে পরীক্ষার্থীদের নিজ দায়িত্বে প্রয়োজনীয় রং, জ্যামিতি বক্স, স্কেল ও পেনসিল আনতে হবে। তবে পরীক্ষার উত্তরপত্র সরবরাহ করবে হল কর্তৃপক্ষ।
সংগীত (বিষয় কোড: ১৪৯) পরীক্ষায় শিক্ষার্থীদের সুর, তাল, লয় ও উচ্চারণের ভিত্তিতে মূল্যায়ন করা হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, গার্হস্থ্য বিজ্ঞান (বিষয় কোড: ১৫১) পরীক্ষায় ব্যবহারিক খাতা আনা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি রান্না ও দর্জি বিজ্ঞানের প্রয়োজনীয় উপকরণের তালিকাও নির্দেশিকায় উল্লেখ করেছে শিক্ষা বোর্ড।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ