শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়উত্তরাঞ্চলে তারেক রহমানের নির্বাচনি সফর আজ: ঠাকুরগাঁও–নীলফামারী–দিনাজপুরে তিন জনসভা

উত্তরাঞ্চলে তারেক রহমানের নির্বাচনি সফর আজ: ঠাকুরগাঁও–নীলফামারী–দিনাজপুরে তিন জনসভা

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দিনব্যাপী এই সফরে তিনি দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলায় দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনি জনসভায় অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে রওনা হবেন তিনি। বেলা ১১টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে করে প্রথমে যাবেন ঠাকুরগাঁওয়ে। সেখানে বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।
ঠাকুরগাঁওয়ের জনসভা শেষে বেলা ১টায় তিনি হেলিকপ্টারে নীলফামারীর উদ্দেশে রওনা দেবেন। বেলা ১টা ২০ মিনিটে নীলফামারী জেলা পৌরসভার বড় মাঠে অনুষ্ঠিত জনসভায় অংশ নেবেন। এরপর বেলা ২টায় দিনাজপুরের বিরামপুরে গিয়ে বিরামপুর সরকারি কলেজ মাঠে আরেকটি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। কর্মসূচি শেষে হেলিকপ্টারে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
দলীয় কর্মসূচির পাশাপাশি এই সফরে তারেক রহমানের কিছু ব্যক্তিগত ও পারিবারিক কর্মসূচিও রয়েছে। তিনি তার প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন বলে জানা গেছে।
নির্বাচনি উত্তাপের মধ্যে তারেক রহমানের এই সফর উত্তরাঞ্চলের বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সফরকে কেন্দ্র করে তিন জেলাতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিএনপি চেয়ারম্যানের নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে দলীয় প্রার্থীরা মনে করছেন, তারেক রহমানের উপস্থিতি সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং নির্বাচনে বিএনপির অবস্থান আরও শক্তিশালী করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের প্রতি মানুষের যে ভালোবাসা রয়েছে, তা জনসভায় ব্যাপক উপস্থিতির মাধ্যমে প্রমাণিত হবে।”

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ