আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সরকারি ছুটি শুরু হওয়ায় শিল্পাঞ্চল গাজীপুর ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। বুধবার (১৮ মার্চ) গাজীপুরের সড়ক ও রেলপথে যাত্রীচাপে ভিন্ন ভিন্ন চিত্র দেখা গেছে। কোথাও অতিরিক্ত যাত্রীর চাপ ও ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তি, আবার কোথাও বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
ঈদের আর মাত্র একদিন বাকি থাকায় বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, হাজারো যাত্রী ট্রেনে ওঠার জন্য হুড়োহুড়ি করছেন। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে, এমনকি ইঞ্জিনের ওপর উঠছেন। মই বেয়ে নারী-পুরুষ ও শিশুদের ছাদে উঠতে দেখা যায়। অতিরিক্ত যাত্রীর চাপে স্টেশন এলাকায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, দেওয়ানগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেন ছাড়ার সময় ছাদে গাদাগাদি করে বসে আছেন শত শত যাত্রী। বগির ভেতরেও তিল ধারণের ঠাঁই নেই। দরজা বন্ধ থাকলেও যাত্রীরা দাঁড়িয়ে ও ঝুলে ঝুঁকিপূর্ণভাবে যাত্রা করছেন। ঢাকা থেকে আসা যাত্রী কালাম আজাদ বলেন, “ঈদের ছুটিতে ময়মনসিংহে যাচ্ছি। সড়কপথে ভাড়া বেশি ও ভোগান্তি বেশি হওয়ায় ট্রেনে যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু প্রচণ্ড ভিড়ের কারণে উঠতে পারিনি।” পোশাক কারখানার শ্রমিক সুমন বলেন, “স্টেশনে এত ভিড় যে ট্রেনে ওঠাই সম্ভব হয়নি।” অন্যদিকে মোহনগঞ্জগামী যাত্রী আসিফ মিয়া জানান, “দুটি ট্রেন চোখের সামনে চলে গেল, কিন্তু ভিড়ের কারণে উঠতে পারিনি।”
শ্রীপুর রেলওয়ে স্টেশনমাস্টার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া এক্সপ্রেস নির্ধারিত সময়েই ছেড়ে গেছে। তবে প্রতিটি ট্রেনে উপচে পড়া ভিড় ছিল। অনেক যাত্রী ঝুঁকি নিয়ে যাত্রা করছেন, তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।”
এদিকে সড়কপথেও যাত্রীদের অভিযোগ, ঈদকে কেন্দ্র করে বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। ফলে বাধ্য হয়ে অনেকেই ঝুঁকি নিয়েই ট্রেনে যাত্রা করছেন।ঈদযাত্রায় নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ জরুরি বলে মনে করছেন।
