বাড়িরাজধানীইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা

ইসলামী ব্যাংক বাংলাদেশের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের ছত্রভঙ্গ করতে জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। সোমবার (১ জুন) সকালে রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে একদল গ্রাহক ও আন্দোলনকারী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তারা নবনিযুক্ত চেয়ারম্যানের নিয়োগের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তার পদত্যাগ দাবি করেন।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের সরিয়ে দিতে জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। নিরাপত্তা জোরদার করতে আশপাশের এলাকাতেও নজরদারি বাড়ানো হয়েছে।
মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম গণমাধ্যমকে বলেন, “ব্যাংকটির কিছু গ্রাহক সড়ক অবরোধ করেছিলেন। জনভোগান্তি এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে।”
উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। একই দিন রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই নিয়োগের প্রতিবাদে ঈদের ছুটির সময় বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। তারই ধারাবাহিকতায় সোমবার অফিস কার্যক্রম শুরুর আগে প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
ঘটনার পর ব্যাংকিং অঙ্গন ও গ্রাহকদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ