বাড়িজাতীয়আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ৩ জুন জমা, কঠোর ব্যবস্থা...

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ৩ জুন জমা, কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

মহাখালীর আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজ (৩০ মে) জমা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানিয়েছেন, পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে আগামী ৩ জুন।

শনিবার মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, “আজকে প্রতিবেদন দিতে পারছি না। আরও তিন দিন সময় দেওয়া হয়েছে কমিটিকে। ৩ জুন পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।”
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, তদন্তে সন্তানের মৃত্যু হওয়া মায়েদের বক্তব্য এখনো নেওয়া সম্ভব হয়নি। এ কারণে প্রতিবেদনটি অসম্পূর্ণ থাকায় জমা দেওয়া হয়নি। তিনি বলেন, “তাদের বক্তব্য নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।”
ঘটনার বিস্তারিত উল্লেখ করে তিনি বলেন, এক মায়ের অনুরোধে হাসপাতালের এসি দুই ঘণ্টা বন্ধ ছিল, রাত ২টা থেকে ৪টা পর্যন্ত ওই সময়ে কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না বলে অভিযোগ রয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
এর আগে গত বুধবার (২৭ মে) সকালে আদ-দ্বীন হাসপাতালের ডেলিভারি পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন এক থেকে তিন দিন বয়সী ছয় নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Notify of
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ