রাজধানীর ঢাকার হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি রায়েরবাজার হাইস্কুল–এর অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হাজারীবাগের হায়দার হোটেল গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মোহাম্মদ বেলাল হোসেন জানান, তার মেয়ে প্রতিদিনের মতো বাসার কাছেই ছিল। এ সময় অজ্ঞাত সন্ত্রাসীরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। তবে কে বা কারা এবং কী কারণে তার মেয়েকে হত্যা করেছে এ বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
পরিবার সূত্রে জানা যায়, বিন্তির গ্রামের বাড়ি সখিপুর উপজেলার কাছিকাটা এলাকায়। বর্তমানে তারা হাজারীবাগের হায়দার হোটেলের পাশে বাবু কমিশনার বাড়ির পঞ্চম তলায় ভাড়া বাসায় বসবাস করতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
