মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
No menu items!
বাড়িরাজধানীবিদেশে উচ্চশিক্ষায় ১০ লাখ টাকার ঋণ সুবিধা: প্রবাসী কল্যাণ ব্যাংককে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিদেশে উচ্চশিক্ষায় ১০ লাখ টাকার ঋণ সুবিধা: প্রবাসী কল্যাণ ব্যাংককে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সি সাপোর্ট হিসেবে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ঋণ প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, কোরিয়া, জাপান, চীন ও জার্মানিসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া শিক্ষার্থীরা যেন সহজে ব্যাংক সাপোর্ট পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। যুদ্ধের কারণে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ভবিষ্যতে পুনর্গঠনে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা বাড়তে পারে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এতে দেশের শ্রমবাজার ক্ষতিগ্রস্ত না হয়ে বরং নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।
এছাড়া বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে তৃতীয় ভাষা শেখার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। ভাষাজ্ঞান বাড়লে প্রবাসী কর্মীদের আয়ও বাড়বে বলে উল্লেখ করা হয়।
জাপানে এক লাখ কর্মী পাঠানোর জন্য স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে কর্মী পাঠানোর প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।
ইউরোপের কিছু দেশের ভিসা প্রক্রিয়ার জন্য ভারত যেতে হয়—এই সমস্যার সমাধানে বাংলাদেশেই কনস্যুলার সেবা চালুর উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে কিছু দেশ এ সেবা চালু করেছে, বাকি দেশগুলোকেও অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে।
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ইতিবাচক কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচার বাড়ানোর নির্দেশনাও দেওয়া হয়েছে বৈঠকে।
এছাড়া অভিবাসন ব্যয় নির্ধারণ, মালয়েশিয়াসহ বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু এবং থাইল্যান্ডসহ নতুন বাজারে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা দূর করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
রেমিট্যান্স প্রবাহ নিয়ে উদ্বেগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধের কারণে সাময়িক প্রভাব পড়লেও দীর্ঘমেয়াদে বড় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। বরং পুনর্গঠন কার্যক্রমে বাংলাদেশি কর্মীদের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ