প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ চালুর বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ সচিবালয়-এর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের মাধ্যমে স্বল্প আয়ের ও নিম্নবিত্ত পরিবারের জন্য বিভিন্ন সরকারি সহায়তা ও সামাজিক সুরক্ষা কর্মসূচি সহজভাবে পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত সময়ের মধ্যে এই কর্মসূচির কাঠামো ও বাস্তবায়ন পরিকল্পনা চূড়ান্ত করা হবে।
