সিলেটে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী অঞ্চলের কাছাকাছি এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা ৫১ মিনিট ৫৮ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।
অন্যদিকে, ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, সকাল ৯টা ২১ মিনিটে এ ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর উৎপত্তিস্থলের গভীরতা ছিল প্রায় ৫ কিলোমিটার। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর দূরত্ব প্রায় ২৬০ কিলোমিটার উত্তর-পূর্বে।
এর প্রভাবে সিলেটসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে, গত ৭ এপ্রিল একই এলাকায় ৪ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ধারাবাহিক এ ধরনের কম্পনে স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে।
