মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আজ শনিবার (২১ মার্চ) দেশজুড়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির পর ঈদের খুশিতে মেতে উঠেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
রাজধানী ঢাকাসহ সারা দেশের লাখ লাখ মুসল্লি ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি নিয়েছেন। এবারের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। তবে বৈরি আবহাওয়ার কারণে সেখানে জামাত অনুষ্ঠিত না হলে বিকল্প হিসেবে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। তার অনুপস্থিতিতে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
প্রধান ঈদ জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে ৩ হাজার ৫০০ নারী মুসল্লির জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। মুসল্লিদের জন্য পর্যাপ্ত ওজুখানা, সুপেয় পানি এবং জরুরি চিকিৎসা সেবার ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পরিবার-পরিজন নিয়ে প্রধান জামাতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন) সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খানও নগরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
নিরাপত্তা প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন, ঈদ জামাতকে কেন্দ্র করে কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা শঙ্কা নেই। তবুও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং পুরো ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের মতো এবারও পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জামাতগুলো অনুষ্ঠিত হবে সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং বেলা পৌনে ১১টায়। প্রতিটি জামাতে ভিন্ন ভিন্ন ইমাম দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
এছাড়া জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে স্পিকার, চিফ হুইপ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশ নেবেন। জামাতটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। সবমিলিয়ে দেশজুড়ে উৎসব, আনন্দ ও ধর্মীয় আবহে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
