চৈত্র সংক্রান্তি আজ,বাংলা বছরের শেষ দিন। ৩০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দের এই দিনটি কেবল একটি পঞ্জিকার সমাপ্তি নয়, বরং পুরোনো বছরের সব ক্লান্তি, জীর্ণতা ও গ্লানি ঝেড়ে ফেলে নতুন সূচনার এক প্রতীকী মুহূর্ত। আগামীকাল মঙ্গলবার শুরু হবে নতুন বাংলা বর্ষ ১৪৩৩ পয়লা বৈশাখ।
বাংলা সংস্কৃতিতে চৈত্র সংক্রান্তি শুধু বিদায়ের দিন নয়; এটি নতুনের প্রত্যাশায় এক নীরব অঙ্গীকার। আবহমান বাংলার ঐতিহ্যকে ধারণ করে এই দিনটি উদযাপিত হয়ে আসছে নানা আয়োজন ও উৎসবের মধ্য দিয়ে।
চৈত্র সংক্রান্তি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বসেছে গ্রামীণ মেলা। পুতুলনাচ, বায়োস্কোপ, পটচিত্র, যাত্রাপালা, লোকসংগীত ও নৃত্যের আয়োজন দিনটিকে করে তোলে প্রাণবন্ত। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা শাস্ত্র অনুযায়ী স্নান, দান, ব্রত ও উপবাস পালন করেন। অন্য ধর্মাবলম্বীরাও নিজ নিজ বিশ্বাস অনুযায়ী নানা আচার-অনুষ্ঠানে অংশ নেন।
এই দিনের অন্যতম প্রধান আকর্ষণ চড়ক উৎসব, যা গাজন উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ। গ্রামাঞ্চলে শিবতলা থেকে শোভাযাত্রা বের হয়ে অন্য শিবতলায় গিয়ে শেষ হয় যা ঐতিহ্যের এক অনন্য প্রকাশ।
ব্যবসায়ীরাও এ দিনটি বিশেষভাবে পালন করেন। পুরোনো বছরের হিসাব চুকিয়ে, দোকান পরিষ্কার করে নতুন বছরের জন্য প্রস্তুতি নেন তারা। পয়লা বৈশাখে নতুন হালখাতা খোলার আয়োজন চলে জোরেশোরে।
সময়ের পরিবর্তনে শহুরে জীবনে চৈত্র সংক্রান্তির রূপ কিছুটা বদলালেও গ্রামীণ ঐতিহ্যের আবেদন এখনও অটুট। সাংস্কৃতিক সংগঠনগুলো এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে নানা উদ্যোগ গ্রহণ করেছে।
এ বছরও চৈত্র সংক্রান্তি উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে আজ বিকেল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে লোকশিল্প প্রদর্শনী। প্রায় ৫০ জন যন্ত্রশিল্পীর অংশগ্রহণে পরিবেশিত হবে অর্কেস্ট্রা ‘তোরা সব জয়ধ্বনি কর’। এছাড়া ৩০ জন নৃত্যশিল্পীর পরিবেশনায় ধামাইল নৃত্য দর্শকদের মুগ্ধ করবে।
অনুষ্ঠানে আরও থাকছে জারিগান, পটগান ও পুঁথিপাঠ, যা বাংলার লোকজ সাহিত্য ও সংগীতের ঐশ্বর্য তুলে ধরবে। পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংগীত ও নৃত্য পরিবেশনা যুক্ত করবে বহুসাংস্কৃতিক বৈচিত্র্য। মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘রহিম বাদশা রূপবান কন্যা’, যা গ্রামীণ জীবনের চিরন্তন রূপকথার আবেশ ছড়িয়ে দেবে।
সব মিলিয়ে, চৈত্র সংক্রান্তি পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণের এক অনন্য সেতুবন্ধন—যেখানে ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের আবেগ একসূত্রে গাঁথা।
