রবিবার, মার্চ ২৯, ২০২৬
No menu items!
বাড়িজাতীয়গাজীপুরে সিলিন্ডার লিকেজে আগুন, চারদিন পর দগ্ধ শিক্ষিকার মৃত্যু

গাজীপুরে সিলিন্ডার লিকেজে আগুন, চারদিন পর দগ্ধ শিক্ষিকার মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে দগ্ধ হয়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাহেদা আহমেদ (৫০) গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রফেসর জসিম উদ্দিনের স্ত্রী এবং ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে নিজ গ্রামের বাড়ি উপজেলার গাজীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থান করছিলেন তিনি। বুধবার (২৫ মার্চ) রান্নার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে তিনি গুরুতর দগ্ধ হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তায় আলহেরা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে গিয়েছিল। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। অবশেষে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয়রা জানান, গ্যাস সিলিন্ডার ব্যবহারে অসতর্কতা ও লিকেজজনিত ঝুঁকি সম্পর্কে সচেতনতার অভাবে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা এ বিষয়ে সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোতাহার হোসেন খান বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা একজন শিক্ষাবিদকে হারালাম। তার মৃত্যুতে শিক্ষা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।”

 

Notify of
guest
0 Comments
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
আরো দেখুন

জনপ্রিয় সংবাদ