স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সামনে একটি কঠিন সময় অপেক্ষা করছে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে তেলের দামসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সোমবার (২৩ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, যুদ্ধের কারণে জ্বালানির সরবরাহ কমে গেছে, যার প্রভাব দেশের বাজারেও পড়বে। এ অবস্থায় জনগণকে ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান তিনি। তবে কোনো ধরনের সহিংসতা বা পাম্প ভাঙচুরের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া হলে তা কঠোরভাবে দমন করা হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো অবস্থাতেই গায়ের জোরে আইনবহির্ভূত কাজ বরদাশত করা হবে না।
ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ধর্ম মানুষের অন্তরের বিষয়, এটি নিয়ে ব্যবসা করা উচিত নয়। তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ এবং তারা ধর্মের অপব্যবহার পছন্দ করে না।
দলীয় প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমান এর নেতৃত্বে দল কাজ করে যাচ্ছে এবং জনগণকে সঙ্গে নিয়েই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র অবদান স্মরণ করেন তিনি।
হিন্দু সম্প্রদায়ের ভোট ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। বলেন, বাংলাদেশে ধর্মভিত্তিক বিভাজনের কোনো স্থান নেই এবং এই ঐক্য রক্ষা করতে হবে।
দলের নেতাকর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, কেউ দলের শৃঙ্খলা ভঙ্গ করলে ছাড় দেওয়া হবে না। প্রয়োজন হলে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়া জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পুলিশ সুপার বেলল হোসেনসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
