বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঘোষণা করা হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এ রায় ঘোষণা করা হবে।
রায় ঘোষণাকে কেন্দ্র করে মামলার ছয় আসামিকে বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, রায় ঘোষণার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে।
এর আগে, গত ৫ মার্চ ট্রাইব্যুনাল এ মামলার রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২৭ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
মামলার তদন্ত প্রতিবেদন ২০২৪ সালের ২৬ জুন প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয়। পরে ৩০ জুন ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেয়। একই বছরের ৬ আগস্ট ৩০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়।
মামলার মোট ৩০ আসামির মধ্যে বর্তমানে ছয়জন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন— পুলিশের উপপরিদর্শক (এসআই) আমীর হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেরোবির প্রক্টর শরীফুল ইসলাম, তৎকালীন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেরোবি শাখার সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ, সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল এবং কর্মচারী আনোয়ার পারভেজ আপেল।
অন্যদিকে, পলাতক আসামিদের পক্ষে গত বছরের ২২ জুলাই রাষ্ট্রীয় খরচে চারজন আইনজীবী নিয়োগ দেয় ট্রাইব্যুনাল। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদ নিহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন তীব্র আকার ধারণ করে এবং এর ধারাবাহিকতায় ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়।
