হবিগঞ্জের মাধবপুরে চট্টগ্রাম থেকে সিলেটগামী জ্বালানি তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কয়েকটি বগি উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ টানা ১১ ঘণ্টা বন্ধ রয়েছে, ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
বুধবার (১ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার মনতলা রেলস্টেশন এলাকার রাজাপুর হয়রত শাহ্জালাল (রহ.) মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন বালতি, পাতিল, জগ ও প্লাস্টিকের পাত্র নিয়ে ঘটনাস্থলে ভিড় করেন। উল্টে যাওয়া ওয়াগন থেকে মাটিতে পড়ে থাকা তেল সংগ্রহ করে বাড়িতে নিয়ে যেতে শুরু করেন তারা। এমনকি অনেকেই সরাসরি ওয়াগন থেকে তেল লুটে নিতে প্রতিযোগিতায় নেমে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও থানা পুলিশ দীর্ঘ সময় চেষ্টা চালালেও শুরুতে ব্যর্থ হয়। পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, তেলবাহী ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়, যার মধ্যে কয়েকটি পাশের খালে পড়ে গেছে। দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
নোয়াপাড়া রেলস্টেশনের মাস্টার মো. মনির আহমেদ জানান, দুর্ঘটনার কারণে এখন পর্যন্ত তিনটি ট্রেনের সূচি বাতিল করা হয়েছে। এগুলো হলো ঢাকাগামী উপবন এক্সপ্রেস, চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস। যাত্রীদের টিকিট সংরক্ষণ করে ভাড়া ফেরত দেওয়া হয়েছে।তিনি আরও জানান, উদ্ধার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং রেল যোগাযোগ স্বাভাবিক হতে আরও ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগতে পারে।
