জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপি। তিনি সমাপনী বক্তব্যে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে এবং জনগণের প্রত্যাশা পূরণে দলীয় সংসদ সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শনিবার (৬ জুন) বিকেল ৩টায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে শুরু হওয়া সভা সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শেষ হয়। সভা পরিচালনা করেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, এমপি।
সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি। তিনি সরকারদলীয় সংসদ সদস্যদের স্বাগত জানিয়ে সভার কার্যক্রমের সূচনা করেন।
সভায় জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, আইন প্রণয়ন কার্যক্রম, সরকারের উন্নয়ন উদ্যোগ এবং সংসদীয় কার্যক্রম-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে সরকারদলীয় মন্ত্রী ও সংসদ সদস্যরা অংশ নিয়ে নিজ নিজ মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেন, সরকারের চলমান উন্নয়ন পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন এবং জনগণের কল্যাণে কাজ করতে হলে সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সংসদ সদস্যদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সভা শেষে অংশগ্রহণকারী সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ জাতীয় ও সংসদীয় বিষয়ে মতবিনিময়ের সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
