শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ এবং সাম্প্রতিক পরীক্ষা পুনর্নির্ধারণের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এ কর্মসূচিতে সায়েন্সল্যাব, নীলক্ষেত, এলিফ্যান্ট রোডসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত তাদের দাবি বাস্তবায়নের আহ্বান জানান। তাদের অভিযোগ, গত কয়েক দিনের বৈরী আবহাওয়ার কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেননি। একই সঙ্গে আগের দিনের পরীক্ষায় উল্লেখযোগ্যসংখ্যক পরীক্ষার্থী অংশ নিতে না পারায় ওই পরীক্ষা পুনরায় নেওয়ার দাবি জানান তারা।
শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে রাজধানীর অন্যতম ব্যস্ত এ এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সায়েন্সল্যাব মোড়, নীলক্ষেত, এলিফ্যান্ট রোড ও সংলগ্ন সড়কে যানবাহনের ধীরগতি এবং কোথাও কোথাও সম্পূর্ণ যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি চলমান ছিল।
