রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৩ মিনিটের দিকে হঠাৎ কেঁপে ওঠে ভবন ও স্থাপনা। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বেলা ১টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অধিদপ্তর কার্যালয় থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ছিল প্রায় ১৮৮ কিলোমিটার।
অন্যদিকে ‘মাই আর্থকোয়েক অ্যালার্ট’-এর তথ্যে বলা হয়েছে, একই সময়ে ৫ দশমিক ৩ মাত্রার কম্পনের উৎপত্তিস্থল ছিল আশাশুনি, যা সাতক্ষীরা জেলায় অবস্থিত।
এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টা ৪ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৪ দশমিক ৬ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ওই কম্পনের উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিম রাজ্যে, যা ঢাকা থেকে প্রায় ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
তারও আগে বুধবার রাতে সীমান্তবর্তী মিয়ানমার অঞ্চলে সৃষ্ট ৫ দশমিক ১ মাত্রার মাঝারি ভূমিকম্পে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ওই কম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২৯ কিলোমিটার গভীরে।
স্বল্প সময়ের ব্যবধানে একাধিক ভূমিকম্পে বড় ধরনের দুর্যোগের আশঙ্কায় জনমনে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কিত না হয়ে ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার প্রস্তুতি রাখা
