বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমাসের মতো আজ মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হবে। সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্বালানি বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী।
তিনি বলেন, বর্তমানে দেশে এক লাখ ৩৩ হাজার টন জ্বালানি তেল মজুত রয়েছে। আগামী এপ্রিল মাসেও জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে আশ্বস্ত করেন তিনি। এ সময় তিনি জানান, এপ্রিল মাসে দেশে আরও এক লাখ ৫৪ হাজার টন জ্বালানি তেল আমদানি করা হবে।
মনির হোসেন চৌধুরী আরও জানান, ইন্দোনেশিয়া থেকে দুটি কার্গো জ্বালানি তেল দেশে আসছে। এছাড়া রাশিয়া থেকে ৬ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছে সাংশন ওয়েভার চেয়ে চিঠি দিয়েছে সরকার। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ঠেকাতে অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত সারা দেশ থেকে অবৈধভাবে মজুত করা ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তথ্য দিয়ে সহায়তা করলে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তথ্যের সত্যতা যাচাই সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে এ পুরস্কার প্রদান করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
