দেশের দিকে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’ ধেয়ে আসছে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা ও পর্যবেক্ষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। এর প্রভাবে দেশজুড়ে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সংস্থাটির এক ফেসবুক পোস্টে জানানো হয়, দীর্ঘদিনের তাপপ্রবাহের পর এই বৃষ্টি বলয় দেশের আবহাওয়ায় স্বস্তি নিয়ে আসতে পারে। তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমে গিয়ে পরিবেশ অনেকটাই আরামদায়ক হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
পূর্বাভাস অনুযায়ী, ‘ঝুমুল’ আগামী ২৬ বা ২৭ এপ্রিল থেকে সক্রিয় হয়ে ৭ বা ৮ মে পর্যন্ত প্রভাব বিস্তার করতে পারে। এটি একটি পূর্ণাঙ্গ বৃষ্টি বলয় হওয়ায় দেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে সিলেট, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে অতিবৃষ্টির কারণে সিলেট ও ময়মনসিংহের নিচু এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে।
এদিকে, বৃষ্টি বলয়ের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং মাঝারি থেকে তীব্র বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
সব মিলিয়ে, ‘ঝুমুল’ বৃষ্টি বলয় একদিকে যেমন তীব্র গরম থেকে স্বস্তি এনে দেবে, অন্যদিকে অতিবৃষ্টি ও ঝড়ো আবহাওয়ার কারণে কিছু এলাকায় দুর্ভোগের আশঙ্কাও তৈরি করছে।
